শমীকের চিঠির পরেই বিস্ফোরক দিলীপ! ‘শুধু নিচু স্তরে নয়, দুর্নীতি হয় ওপরেও’, কার দিকে ইঙ্গিত?

রাজ্য রাজনীতিতে দুর্নীতির অভিযোগে দলের অন্দরেই শুরু হয়েছে নতুন শোরগোল। তৃণমূলস্তরের কর্মীদের উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের পাঠানো একটি চিঠি নিয়ে সম্প্রতি রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দলের আদর্শ ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি এই চিঠি ঘিরে তৈরি হয়েছে তীব্র জল্পনা। আর এই প্রেক্ষাপটেই মুখ খুলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্য সভাপতি দলকে সঠিক পথে পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তবে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন যে, শুধু নিচু স্তরে নয়, অনেক সময়ই এর শেকড় ছড়িয়ে থাকে উঁচু স্তরেও। এই পঙ্কিল আবর্তের মধ্যে থেকে দল পরিষ্কার রাখার কঠিন লড়াই চলছে বলে মত প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি শমীক ভট্টাচার্যের নাম ভাঙিয়ে একটি রিয়েল এস্টেট সংস্থার কাছ থেকে ভুয়া চিঠি দিয়ে তোলাবাজির চেষ্টার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং পুরো বিষয়টি নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে।