এক মঞ্চে নয়, ২৮ আগস্ট শহরের দুই প্রান্তে মুখোমুখি দুই তৃণমূল গোষ্ঠী! হাইকোর্টের রায়ে কোন সমীকরণ তৈরি হল?

এক মঞ্চে নয়, ২৮ আগস্ট শহরের দুই প্রান্তে মুখোমুখি দুই তৃণমূল গোষ্ঠী! হাইকোর্টের রায়ে কোন সমীকরণ তৈরি হল?

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অবশেষে কঠোর শর্ত আরোপ করল কলকাতা হাইকোর্ট। প্রতি বছর ধর্মতলার মেয়ো রোডে যৌথভাবে এই কর্মসূচি পালিত হলেও, এবার দুই পক্ষই সেখানে সভা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, কাউকেই মেয়ো রোডে সভা করার অনুমতি দেওয়া হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ২৮ আগস্ট কালীঘাটপন্থী তৃণমূল শিবির ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রতপন্থী শিবির রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি পালন করবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সভাতেই ১৫০০ জনের বেশি লোক জমায়েত করা যাবে না এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে।

শান্তিৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আদালত বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। শুনানিপর্বে বিচারপতি মন্তব্য করেন যে, একসঙ্গে সভা করলে ব্রিগেডে ১০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া যেত। তবে বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষকেই বুধবারের মধ্যে ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর স্থানীয় পুলিশের কাছে জমা দিতে হবে। সভার দিন শহরের যান চলাচল যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব এই স্বেচ্ছাসেবকদেরই নিতে হবে। পাশাপাশি, ওই দিন সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা পুলিশকেও পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *