বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য বড় স্বস্তি! ১০০% কাজের সুযোগ দিতে জারি বিশেষ নির্দেশিকা

রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে রাজ্যের ২২টি জেলাতেই শুরু হয়েছে বিশেষ অভিযান। উদ্দেশ্য, চিহ্নিত সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারকে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের আওতায় নিয়ে আসা। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষ ২৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে মুর্শিদাবাদ, মালদহ এবং কোচবিহার জেলায়। শ্রম দফতরের তথ্য যাচাই করে দ্রুত নতুন কার্ড প্রদান এবং পুরনো কার্ডগুলির কার্যকারিতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে।
নতুন এই প্রকল্পের আওতায় যোগ্য গ্রামীণ পরিবারগুলি বছরে নির্দিষ্ট দিনের মজুরিভিত্তিক কাজ পাওয়ার সুযোগ পাবে। কার্ড হাতে পেলে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে কাজের দাবি জানাতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না মিললে বেকার ভাতা পাওয়ার ব্যবস্থাও রয়েছে। নবান্নের এই পদক্ষেপে ভিনরাজ্যে অভিবাসনের চাপ কমার পাশাপাশি স্থানীয় গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। শুধু কার্ড বিতরণেই সীমাবদ্ধ না থেকে, শ্রমিকরা যাতে বাস্তবে নিয়মিত কাজ ও ন্যায্য মজুরি পান, তা সুনিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।