সরকারি জমিতে মায়ের নামে বৃদ্ধাশ্রম! ক্যানিংয়ের তৃণমূল বিধায়ককে ১৫ দিনের কড়া ‘ডেডলাইন’ প্রশাসনের

সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম নির্মাণের অভিযোগে বড় পদক্ষেপ করল প্রশাসন। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে গড়ে ওঠা ‘চাঁদমনি বৃদ্ধাশ্রম’ কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে ওই সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মাতলা নদীর চরে অবস্থিত এই জমি দখলমুক্ত করতে ক্যানিং-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
তবে জমি খালি করার প্রক্রিয়া শুরু হলেও বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বয়স্কদের হঠাৎ উচ্ছেদ না করে তাঁদের যথাযথ পরিচর্যা এবং পুনর্বাসনের সুব্যবস্থা করতে হবে। পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রবীণদের মূল ভবন থেকে সরানো যাবে না। পাশাপাশি, ওই জমিতে সরকারি অর্থে কোনও নির্মাণ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিডিও-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যানিং থানাকেও সতর্ক রাখা হয়েছে।