ছেলেকে শাসনের ‘বদলা’! স্কুলেই শিক্ষককে বেল্ট দিয়ে পেটালেন অভিভাবক

উত্তর ২৪ পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে একাদশ শ্রেণির ছাত্রকে সামান্য শাসন করার জেরে খোদ শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। ক্লাসে বিশৃঙ্খলা এড়াতে শিক্ষক অরুণ দাস ওই ছাত্রকে বকাঝকা করায় ক্ষিপ্ত হয়ে স্কুলে চড়াও হন ছাত্রের বাবা দেবব্রত দাস। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রধান শিক্ষকের ঘরের ভেতর শিক্ষককে আক্রমণ করার সময় সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গেলে প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলকেও মারধর করা হয়।
এই ন্যক্কারজনক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ন্যূনতম শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষককে সামান্য শাসন করতেই হয়, কিন্তু অভিভাবকের এহেন হিংসাত্মক আচরণে গোটা শিক্ষককুল চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত অভিভাবককে গ্রেফতার করেছে। শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসার তীব্র নিন্দা জানিয়ে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষমহল।