পড়ার টেবিলে বসতে বকাঝকা, রাগ করে সোজা পুলিশে ফোন নাবালিকার! তারপর যা ঘটল…

পড়াশোনায় মনোযোগী হতে মা বকাঝকা করায় স্রেফ পুলিশে ফোন করে বসল অষ্টম শ্রেণির এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে চরম অত্যাচার চলছে বলে দাবি করে ইমারজেন্সির ১১২ নম্বরে ফোন করেছিল ওই নাবালিকা। গুরুত্বপূর্ণ এই খবর পেয়ে কালবিলম্ব না করে তৎক্ষণাৎ তার বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। এরপর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। আধিকারিকরা জানতে পারেন, মারধরের কোনো ঘটনাই ঘটেনি, বরং মেয়ে পড়াশোনায় মন না দেওয়ায় অভিভাবকরা তাকে কেবল শাসন করেছিলেন। নাবালিকার এমন মিথ্যা অভিযোগে হতবাক হয়ে পড়েন দম্পতি।
এই ঘটনার পর পুলিশ ও শিশু সুরক্ষা কমিটি পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। নাবালিকাকে পড়াশোনার গুরুত্ব ও আইনের সঠিক ব্যবহারের বিষয়ে বোঝানো হয়। পাশাপাশি, অভিভাবকদেরও ধৈর্য ধরে সন্তানদের সামলানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার খবর দেওয়া হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেও। এ বিষয়ে সমাজকর্মীরা বলছেন, শিশুদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাওয়া ইতিবাচক হলেও, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সবদিক খতিয়ে দেখে তবেই পদক্ষেপ নেওয়া উচিত।