মিনিটে কাটা যাবে ৫ গুন বেশি তৎকাল টিকিট! রেলের এই বিরাট পদক্ষেপে আর ঘুরবে না সার্ভার?

জরুরি পরিস্থিতিতে ট্রেনের তৎকাল টিকিট কাটতে গিয়ে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। ব্যস্ততার সময় একই সঙ্গে অসংখ্য মানুষ অনলাইনে টিকিট কাটতে যাওয়ায় আইআরসিটিসি-র ওয়েবসাইটে প্রায়ই ল্যাগ, লগ-ইন সমস্যা কিংবা পেমেন্ট আটকে যাওয়ার মতো জটিলতা তৈরি হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার সম্পূর্ণ সিস্টেম আপগ্রেড করার পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
নতুন এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে টিকিট বুকিংয়ের গতি প্রায় পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমানে যেখানে প্রতি মিনিটে সর্বোচ্চ ৩২ হাজার তৎকাল টিকিট বুক করা সম্ভব, সেখানে নতুন ব্যবস্থার সুবাদে প্রতি মিনিটে দেড় লাখেরও বেশি টিকিট বুক করা যাবে। এর ফলে একদিকে যেমন মুহূর্তের মধ্যে টিকিট নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে ট্রাফিক বা ট্রাফিকের অতিরিক্ত চাপে সার্ভার ধীরগতির হওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট বুকিংয়ের পাশাপাশি জরুরিকালীন ইনকোয়ারি বা অনুসন্ধান ব্যবস্থাকেও আরও শক্তিশালী ও দ্রুতগতির করে তোলার কাজ চলছে।