বিমানে চেপে মশার ‘জার্মানি সফর’! এক কামড়েই মর্মান্তিক মৃত্যু

জার্মানিতে মশার কামড়ে এক বিমানবন্দর কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণত মশকমুক্ত এই দেশে হঠাৎ করে কীভাবে ম্যালেরিয়া হানা দিল, তা নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য কর্তারা। ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরের ওই কর্মীর মৃত্যুর পাশাপাশি আরও পাঁচজন কর্মীও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সংস্থার (আরকেআই) প্রাথমিক অনুমান, অন্য কোনও দেশ থেকে বিমানের মাধ্যমে এই ভিনদেশি মশাগুলি বিমানবন্দরে প্রবেশ করেছে। জার্মানিতে স্থানীয়ভাবে ম্যালেরিয়া ছড়ানোর সুযোগ না থাকায়, বিদেশ থেকে আসা মশার কামড়েই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ফ্র্যাঙ্কফুর্ট শহরে শেষবার ২০২৩ সালে ম্যালেরিয়ার খোঁজ মিলেছিল। দীর্ঘ বিরতির পর একসঙ্গে এতজন আক্রান্ত হওয়া এবং একজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বিমানবন্দর এলাকায় মশা ধরতে বিশেষ জাল পাতা হয়েছে এবং সেখানে ধরা পড়া পোকামাকড়গুলি গবেষণাগারে পাঠানো হয়েছে। কোন দেশ থেকে এই মশা এসেছে এবং সেগুলি কী ধরনের রোগ ছড়াচ্ছে, তা খতিয়ে দেখছেন গবেষকরা। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিমানবন্দর চত্বরে কঠোর নজরদারি ও সতর্কতা জারি করা হয়েছে।