ডিজেল জেনারেটরের দিন শেষ! কলকাতায় লঞ্চ হলো ভিএসএল পাওয়ারহাইভের তাক লাগানো প্রযুক্তি!

শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা মেটাতে এক অভিনব পদক্ষেপ করল বিক্রম সোলারের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিএসএল পাওয়ারহাইভ’। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতায় বাজারে আনা হয়েছে তাদের প্রথম বাণিজ্যিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা ‘পি২৬১’। মূলত শিল্পকারখানার কথা মাথায় রেখে ১২৫ কিলোওয়াট এবং ২৬১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন এই তরল-শীতলীকৃত সিস্টেমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি পিক-লোড ম্যানেজমেন্ট, সোলার এনার্জি স্টোরেজ, ইভি চার্জিং এবং মাইক্রোগ্রিড পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই নতুন প্রযুক্তিতে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে যোগ করা হয়েছে সুনির্দিষ্ট লিকুইড কুলিং প্রযুক্তি, রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা এবং উন্নত ফায়ার সাপ্রেসন সিস্টেম। ফলে ওভারচার্জিং বা শর্ট সার্কিটের ঝুঁকি এড়ানো সম্ভব। মাইনাস ৩০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম আবহাওয়ায় সমানভাবে কাজ করতে সক্ষম এই সিস্টেমটি। সংস্থার শীর্ষ কর্তারা জানান, ভারতের শিল্পক্ষেত্রের প্রকৃত চাহিদা মেটানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।