‘যতদূর যেতে হয় যাব!’ পুলিশকে রুখে ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল অভিষেকের ব্যানার!

বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে তৈরি হয় চরম উত্তেজনা। ভবনের সাততলার একটি বিলবোর্ড ‘বেআইনি’ দাবি করে তা সরাতে যায় কলকাতা পুরসভা ও পুলিশ। এই অভিযানকে কেন্দ্র করে পুরকর্মী ও পুলিশ বাহিনীর সঙ্গে অভিষেকের অনুগামীদের ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে এসে পুরসভার কাছে বৈধ নির্দেশিকার কপি দেখতে চান অভিষেক। কোনো উপযুক্ত কপি দেখাতে না পারায় তিনি প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ‘যত দূর যেতে হয় যাব’ বলে হুঁশিয়ারি দেন।
সব বাধা পেরিয়ে পুরসভা ওই হোর্ডিং সরিয়ে দিলেও নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুর আধিকারিকরা এলাকা ছাড়তেই অভিষেক অনুগামীরা ফের সেই কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক সম্বলিত নতুন ব্যানার টাঙিয়ে দেন। প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাসফুল শিবিরের এই পালটা পদক্ষেপ ক্যামাক স্ট্রিট চত্বরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।