প্রেম ভাঙতেই প্রকাশ্যে মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর কেলেঙ্কারি!

প্রেম ভাঙার জেরে প্রকাশ্যে এল মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) ড্রাগ ইনস্পেক্টর পদের প্রশ্নপত্র ফাঁসের এক অবিশ্বাস্য ঘটনা। ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর কেলেঙ্কারিতে কমিশনের তিন আধিকারিকসহ মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ এবং বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থী ঋতুজা পাটিলের বাবা নান্দুরবারের এক কোচিং সেন্টার পরিচালকের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন। আত্মবিশ্বাসী ওই ছাত্রী ফাঁস হওয়া প্রশ্নপত্রটি তাঁর প্রেমিক গৌরব পাটিলের সঙ্গেও শেয়ার করেছিলেন।
কিন্তু ২২ মার্চের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঋতুজা উত্তীর্ণ হলেও ব্যর্থ হন গৌরব। এর পরেই প্রেমিকা সরকারি চাকরি পেলে তাঁকে অবহেলা করবেন—এই আশঙ্কায় তাঁদের সম্পর্কে গভীর ফাটল ধরে এবং ক্ষুব্ধ গৌরব এমপিএসসি কর্তৃপক্ষের কাছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ জানান। যদিও পরে তিনি অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা করেন, ততক্ষণে তদন্ত শুরু হয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে একাধিক কঠোর আইনে মামলা রুজু করে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।