বাঙালির এবার ফেরার পালা! নিউটাউনে মেগা প্রজেক্টের হাত ধরে তৈরি হচ্ছে ৫,৮০০ চাকরি!

কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে চালু হল লারসেন অ্যান্ড টুব্রো এবং এলটিআইমাইন্ডট্রির অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’। প্রদীপ জ্বালিয়ে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই মেগা প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি জানান, এই ক্যাম্পাসে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বাংলার যে সমস্ত দক্ষ ও মেধাবী যুবক-যুবতী কর্মসংস্থানের কারণে বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা বিদেশে পাড়ি দিয়েছেন, তাঁদের সসম্মানে রাজ্যে ফিরে আসার আহ্বান জানান তিনি। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং মেধাবীদের আর বাইরে থাকতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তাঁর মতে, এই ক্যাম্পাস একটি বড় বার্তা বহন করছে যে বাংলা ফের শীর্ষ স্থানে পৌঁছাতে পারে। অতীতে যোগ্যরা সম্মান পাননি দাবি করে তিনি বলেন, বাংলার পুনর্গঠনে সরকার বদ্ধপরিকর এবং ছোট শিল্প উদ্যোগেও সর্বাত্মক সাহায্য করা হবে। আগামী দিনে রাজ্যে আরও বড় বিনিয়োগ আসবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, আসন্ন রাখীবন্ধন উৎসব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এ বছরের রাখীপূর্ণিমা কেবল কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দেশপ্রেমের বন্ধন হিসেবে উদযাপিত হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে কোটি কোটি মানুষ এদিন হাতে হাত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।