অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পরও কেন ‘নাখুশ’ রাজ্য সরকারি কর্মীরা? সামনে আরও দাবি!

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম নিয়ে অর্থ দপ্তরের পক্ষ থেকে চিকিৎসা প্রসিডিওর, ইমপ্ল্যান্ট ও ট্রিটমেন্টের অনুমোদিত রেট পুনর্নির্ধারণ করে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন রেট কার্যকর হওয়ার কথা থাকলেও, একে ঘিরে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। কর্মচারীদের একাংশের মতে, বর্তমান বাজারে স্বাস্থ্য পরিষেবার আকাশছোঁয়া খরচের তুলনায় এই সংস্কার যথেষ্ট নয়।
ইনডোর চিকিৎসার বর্তমান ক্যাশলেস কভারেজের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে অবিলম্বে ৫ লক্ষ টাকা এবং জরুরি পরিস্থিতিতে তা ১০ লক্ষ টাকা করার জোরালো দাবি উঠেছে। পাশাপাশি, ওপিডি এবং ইনডোর ক্লেম অনুমোদনের সীমা দ্বিগুণ করার পাশাপাশি রাজ্যের সমস্ত নিবন্ধিত বেসরকারি হাসপাতালে এই পরিষেবা বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে। সরকারের নতুন নির্দেশিকায় লক্ষাধিক কর্মী উপকৃত হলেও, এই নতুন দাবিগুলি নিয়ে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।