কোচবিহারে রাজনীতির মেগা টুইস্ট: শত্রুতা ভুলে নিশীথকে সংবর্ধনা জগদীশের, তুঙ্গে জল্পনা!

কোচবিহার: রাজনীতিতে যে স্থায়ী শত্রুতা বলে কিছু হয় না, তার নতুন প্রমাণ মিলল কোচবিহারে। একসময়ের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—বর্তমান তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে এবার দেখা গেল একান্তে সময় কাটাতে।
দুই বছর আগের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সেই হারের পর দু’জনের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়। এমনকী ফলাফলের বিরুদ্ধে আদালতে মামলাও ঠুকেছিলেন নিশীথ। বিজেপির পক্ষ থেকে তৎকালীন জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। দীর্ঘদিন একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল।
তবে সেই সমস্ত তিক্ততা দূরে সরিয়ে শনিবার সকালে কলকাতায় জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে নিশীথের সঙ্গে সাক্ষাৎ করেন জগদীশচন্দ্র। সেখানে তিনি নিশীথ প্রামাণিককে উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে একটি দেবমূর্তি তুলে দিয়ে সংবর্ধনা জানান।
সোশ্যাল মিডিয়ায় এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের ছবি ভাইরাল হতেই কোচবিহারের রাজনৈতিক অলিন্দে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতাদের একাংশও ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন। রাজনীতির সমীকরণ বদলের এই নতুন দৃশ্য এখন গোটা জেলায় চর্চার কেন্দ্রবিন্দু।