গালোওয়ানে ভারতের মোকাবিলায় ব্যর্থ চিনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন শি জিনপিং?

গালোওয়ানে ভারতের মোকাবিলায় ব্যর্থ চিনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন শি জিনপিং?

২০২০ সালের পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকা এবং ২০১৭ সালের ডোকলাম সংঘাতে চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নেতৃত্বে থাকা জেনারেল ঝাও জোংগকিকে বড় ধাক্কা দিল জিনপিং প্রশাসন। সম্প্রতি চিনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা গোষ্ঠী ‘চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্স’ থেকে তাঁকে অপসারণ করা হয়েছে। ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে ডোকলামের আস্ফালন এবং পরবর্তীতে গালোয়ানে সংঘাতে লালফৌজের নেতৃত্ব দিয়েছিলেন এই জেনারেল। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, গালোয়ান সংঘাতের সেই অভিযানের অনুমোদনও দিয়েছিলেন জোংগকি। এই পদচ্যুতির নেপথ্যে প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনও বেইজিং ও জিনহুয়া নিউজ এজেন্সি সম্পূর্ণ মুখ বন্ধ রাখলেও, এই আকস্মিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গভীর কৌতূহলের সৃষ্টি করেছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চিনের সামরিক নেতৃত্বে চলা ব্যাপক রদবদলের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পিএলএ-র অভ্যন্তরীণ দুর্নীতি ও আনুগত্যহীনতার বিরুদ্ধে চলা কঠোর দমন-অভিযানের মুখেই জোংগকি পড়েছেন কি না, তা নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, গালোয়ান সংঘাতে ভারতের ২০ জন জওয়ান শহিদ হলেও চিনের বহু সেনা নিহত হয়েছিল। চিন সরকারিভাবে ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। ডোকলামের ৭২ দিনের দীর্ঘ স্ট্যান্ডঅফ এবং গালোয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের মতো সংবেদনশীল ঘটনায় নেতৃত্বদানকারী শীর্ষ সেনাকর্তার এই অপসারণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *