জঙ্গলে নিক্ষিপ্ত জওহরলাল নেহরুর মূর্তি! ২৪ ঘণ্টার মধ্যে পুনর্স্থাপনের কড়া হুংকার কংগ্রেসের!

দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশের একটি মেডিটেশন সেন্টারের সামনে থাকা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটি বিশাল মূর্তি ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব পুলিশ প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূর্তিটি স্বস্থানে প্রতিস্থাপনের আল্টিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বড়সড় আন্দোলনের হুংকার দিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, একটি বিশেষ অনুষ্ঠানের জায়গার প্রয়োজনে মূর্তিটিকে অত্যন্ত আসাম্মানজনকভাবে উপড়ে ফেলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় কংগ্রেসের অন্তর্কলহ এবং তৃনমূল কংগ্রেসের মদতপুষ্ট একটি গোষ্ঠী। বিজেপি এই নক্কারজনক ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দুই রাজনৈতিক শিবিরের পালটা অভিযোগে পরিস্থিতি যথেষ্ট সরগরম হয়ে উঠেছে।