বিপুল টাকার সোনা উদ্ধার সীমান্তে! বাংলাদেশ পাচারের আগেই জালে মহিলা, চোখ কপালে তুলবে বিএসএফের তথ্য

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে বিশাল অঙ্কের সোনা পাচারের ছক বানচাল করল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। রবিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নদিয়ার বানপুরের ফুলবাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান চালান। এই আকস্মিক অভিযানে ১৫ কেজি ৬০৭ গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। সোনা চোরাচালানের অভিযোগে ঘটনাস্থল থেকে এক মহিলাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বিএসএফ। আন্তর্জাতিক সীমানার অতি সংবেদনশীল এই এলাকা দিয়ে সোনাটি পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর নেপথ্যে কোনো আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত মহিলাকে লাগাতার জেরা করে এই চোরাচালান চক্রের মূল পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সমগ্র ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী দল।