গর্তে পড়ে টায়ার ফেটে ভয়াবহ বিপর্যয়: আসামে ডিভাইডার টপকে ট্রাকে ধাক্কা, নিহত ৬
গুয়াহাটি: আসামের জাতীয় সড়কে গর্তের কারণে ঘটে গেল মর্মান্তিক পথদুর্ঘটনা। ২৬ আসনের একটি যাত্রীবোঝাই ট্র্যাভেলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন যাত্রী, যাঁদের মধ্যে ট্র্যাভেলারের চালকও রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় গুয়াহাটি-সোনাপুর জাতীয় সড়কের নালাগেডেরা এলাকায় এই বিপর্যয় ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ট্র্যাভেলারটি নওগাঁও থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। নালাগেডেরা এলাকায় জাতীয় সড়কের একটি গর্তে আচমকা চাকা পড়ে যাওয়ায় গাড়িটির টায়ার ফেটে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায় এবং সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সোজা সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্র্যাভেলারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পৌঁছায় ক্ষেত্রী থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে টায়ার ফাটাকে প্রধান কারণ মনে করা হলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে খতিয়ে দেখা হচ্ছে।