আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ?
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ অঞ্চলের জেরে সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩১ অগাস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।পাশাপাশি কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী ও সমুদ্র এলাকা উত্তাল থাকতে পারে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।