“ভারতে মুসলিমদের জায়গা নেই ভাবলে হিন্দুত্বই নষ্ট হয়”, নিউইয়র্কে গর্জে উঠলেন মোহন ভাগবত

আরএসএসের (RSS) শতবর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সফরে গিয়ে সম্প্রীতি ও একতার বড় বার্তা দিলেন সংগঠনটির প্রধান মোহন ভাগবত। নিউইয়র্কে আয়োজিত ‘One World: One Humanity Faith Leaders’ Summit’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ভারতের বহুত্ববাদী সংস্কৃতিই দেশের আসল শক্তি। কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের স্থান নেই, তবে তিনি হিন্দুত্বের প্রকৃত আদর্শ থেকেই বিচ্যুত হয়েছেন।
বিশ্বমঞ্চে ভাগবত উল্লেখ করেন যে, হিন্দুত্ব কখনোই ধর্মের ভিত্তিতে বৈষম্য বা কাউকে বিতাড়নের কথা বলে না। বরং যুগ যুগ ধরে বিশ্বজুড়ে আশ্রয়হীন মানুষকে ভারত যেভাবে আপন করে নিয়েছে, সেটাই ভারতের আসল ঐতিহ্য। ‘আমি’ ও ‘আমার’ ভাবনার গণ্ডি পেরিয়ে ‘আমরা’ এবং ‘আমাদের’ ঐক্যের সুরেই বিশ্ব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
হিন্দু রাষ্ট্রের ধারণায় মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে উঠতে থাকা প্রশ্নের জবাবে ভাগবত জানান, মুসলিমদের বাদ দিয়ে কোনো হিন্দু রাষ্ট্রের কল্পনা করা যায় না। আরএসএসের সমাজসেবামূলক কাজের উদাহরণ টেনে তিনি দাবি করেন, তাঁদের প্রায় ১ লক্ষ ৩০ হাজার সামাজিক প্রকল্পে কোনো ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয় না।
উল্লেখ্য, শতবর্ষে পদার্পণ উপলক্ষে আন্তর্জাতিক স্তরে সংগঠনের ভাবমূর্তি ও মূল আদর্শ তুলে ধরতে বর্তমানে আমেরিকা, কানাডা ও ব্রিটেন সফরে রয়েছেন আরএসএস প্রধান। নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনেও প্রায় ৫ হাজার মানুষের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।