কলকাতার অপরাধ ‘হটস্পট’ চিহ্নিতকরণে লালবাজার: ওসি-দের কড়া নির্দেশ নতুন পুলিশ কমিশনারের

কলকাতার অপরাধ ‘হটস্পট’ চিহ্নিতকরণে লালবাজার: ওসি-দের কড়া নির্দেশ নতুন পুলিশ কমিশনারের

কলকাতা শহরে অপরাধ কমাতে এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর পদক্ষেপ নিল লালবাজার। কোন কোন এলাকা অপরাধের ‘হটস্পট’ এবং কোথায় কী ধরনের অপরাধ বেশি ঘটছে, তা দ্রুত চিহ্নিত করতে কলকাতা পুলিশের সমস্ত থানা ও গোয়েন্দা বিভাগের ওসি-দের নির্দেশ দিয়েছেন নগরপাল অজয় নন্দা।

সোমবার লালবাজারের শীর্ষ কর্মকর্তা, থানা ও গোয়েন্দা বিভাগের ওসি-দের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন পুলিশ কমিশনার। বৈঠকে তিনি নির্দেশ দেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের মতো নির্দিষ্ট প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্তত ৫টি করে এলাকা চিহ্নিত করতে হবে। এলাকা নির্দিষ্ট হওয়ার পর সেখানে থানা ও গোয়েন্দা পুলিশকে যৌথভাবে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। পাশাপাশি, অপরাধের ধরণ বুঝে ডেটা ব্যাঙ্ক তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

বৈঠকে মূলত গত জুলাই মাসের খুন, সাইবার জালিয়াতি ও প্রতারণার মতো ঘটনাগুলি পর্যালোচনা করা হয়। পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়েছেন, কেবল অপরাধীকে গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, মামলা শেষ না হওয়া পর্যন্ত ফলো-আপ রেখে অভিযুক্তদের সাজা নিশ্চিত করতে হবে। বিশেষ করে পকসো (POCSO) মামলার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। অতীতে যেসব পকসো মামলায় নির্দিষ্ট সময়ে চার্জশিট দেওয়া সম্ভব হয়নি, সেগুলি দ্রুত পেশ করার নির্দেশ দেওয়া হয়।

এর পাশাপাশি মাদক পাচার ও সাইবার অপরাধ ঠেকাতে শহরজুড়ে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানোর কথা বলা হয়েছে। সূত্রের খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আগামী কয়েকদিনের মধ্যে ওসি ও লালবাজারের শীর্ষকর্তাদের সাথে ভার্চুয়ালি পুনরায় বৈঠকে বসবেন নগরপাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *