২৪ ঘণ্টার আলটিমেটামেই কাজ! জঙ্গল থেকে ফিরে সসম্মানে পুনঃস্থাপিত নেহরুর মূর্তি

২৪ ঘণ্টার আলটিমেটামেই কাজ! জঙ্গল থেকে ফিরে সসম্মানে পুনঃস্থাপিত নেহরুর মূর্তি

প্রশাসনের তৎপরতায় অবশেষে নিজের জায়গায় ফিরে এল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি। সোমবার ক্রেন এনে দুর্গাপুরের জঙ্গল থেকে মূর্তিটি তুলে এনে আগের স্থানেই পুনঃস্থাপন করা হয়। বিকেলে সেখানে পৌঁছান বিজেপি কর্মীরা এবং মূর্তিতে মাল্যদান করেন। তাঁরা চলে যাওয়ার পর কংগ্রেস নেতৃত্ব সেখানে গিয়ে মূর্তিটি দুধ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানায়।

মূর্তিকে কেন্দ্র করে দুর্গাপুরে রাজনৈতিক চড়াপোড়েন অব্যাহত।

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন এলাকার হর্ষবর্ধন রোডের একটি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরেই নেহরুর মূর্তিটি ছিল। অভিযোগ, সম্প্রতি রাখিবন্ধন উৎসবের জন্য জায়গা খালি করতে মূর্তিটি উপড়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। রবিবার বিষয়টি চাউর হতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করে।

প্রতিবাদে সোমবার সকালে আন্দোলনে নামেন কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দুর্গাপুর থানাতেও ডেপুটেশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মূর্তিটি যথাস্থানে না ফেরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তোলেন।

চাপের মুখে পড়ে সোমবার সকালে প্রশাসন দ্রুত পদক্ষেপ করে। ক্রেনের সাহায্যে জঙ্গল থেকে উদ্ধার করে নেহরুর মূর্তিটি আগের স্থানে বসিয়ে দেওয়া হয়।

মূর্তি পুনঃস্থাপনের পর বিকেলে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল সেখানে গিয়ে মাল্যদান করেন। কংগ্রেসের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, বিজেপি কোনোদিনও এই ধরনের ‘নোংরা রাজনীতি’ সমর্থন করে না। বিজেপি নেতৃত্ব স্থান ত্যাগ করার পর কংগ্রেস নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে মূর্তিতে দুগ্ধাভিষেক করেন ও শ্রদ্ধার্ঘ্য জানান। দেবেশ চক্রবর্তী জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি এভাবে ফেলে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ছিল। তবে মূর্তিটি ফিরে আসায় তাঁরা আপাতত স্বস্তিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *