সাতসকালেই পানাগড়ে ভয়াবহ আগুন! মুহূর্তে ছাই শোরুমের সব স্কুটি

মঙ্গলবার সকালে দুর্গাপুরের পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি তিনতলা বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত স্কুটির শোরুমে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা নাগাদ লাগা এই আগুনে শোরুমের ভেতরে থাকা সমস্ত স্কুটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় স্থানীয় পথচারী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ওই তিনতলা ভবনটির দোতলায় একটি ছোটদের স্কুল এবং তিনতলায় একটি পরিবার বসবাস করত। তবে সকালের দিকে স্কুল বন্ধ থাকায় এবং দমকলের সময়মতো পদক্ষেপে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেননি দমকল আধিকারিকরা। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট বা ব্যাটারি থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।