গোয়ালঘরে গরুর পাশেই অতিকায় গণ্ডার, মাঝরাতে শিউরে উঠলেন বৃদ্ধা! তারপর…

রবিবার রাতে জলপাইগুড়ির রামশাই বাজার এলাকায় এক অভূতপূর্ব ঘটনা ঘটে। গরুর সুস্থতা দেখতে গোয়ালঘরে গিয়ে বছর পয়ষট্টির ধনবালা রায় মুখোমুখি হন এক অতিকায় একশৃঙ্গ গণ্ডারের। গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল থেকে দলছুট হয়ে গণ্ডারটি লোকালয়ে চলে আসে এবং ওই বৃদ্ধার গোয়ালঘরে আশ্রয় নেয়। গোয়ালঘর থেকে বের হওয়ার সময় আতঙ্কের সৃষ্টি হয় এবং গণ্ডারের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন তিনি।
স্থানীয়দের চিৎকার ও হইচইয়ে বনদপ্তরের নাইট পেট্রোলিং ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ ভ্যানে করে আহত বৃদ্ধাকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল এবং পরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় রাতেই গণ্ডারটিকে তাড়া করে জলঢাকা নদীর চর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সোমবার ভোরে সেটি নিরাপদে জঙ্গলে ফিরে যায়। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।