রক্ষকই যখন ভক্ষক! নাবালিকা মেয়েকে লাগাতার ধ*র্ষ*ণের সাজা বহাল রাখল হাই কোর্ট

নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, বাবা হলেন সন্তানের রক্ষক, আর সেই রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন, তখন সেই অপরাধকে লঘু করে দেখার কোনো সুযোগ নেই। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখে জানিয়েছে, যে সম্পর্কের কাছ থেকে যত্ন ও নিরাপত্তা পাওয়ার কথা, তার অপব্যবহার করলে অপরাধের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। ২০১৭ সালের এই ঘটনায় নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল।
কালিম্পংয়ের গরুবাথান থানার পুলিশ মামলায় পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন অভিযুক্ত। ডিএনএ পরীক্ষা ও বয়সের প্রমাণ নিয়ে হাই কোর্টে যুক্তি দেখানো হলেও তা খারিজ করে দেয় আদালত। ডিভিশন বেঞ্চের মত, নির্যাতিতার সাক্ষ্য বিশ্বাসযোগ্য হলে শুধুমাত্র ডিএনএ পরীক্ষার অভাব খালাসের ভিত্তি হতে পারে না। জন্ম শংসাপত্র ও চিকিৎসকের সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার সময় নির্যাতিতার বয়স আঠারোর নিচে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সাজা বহাল রাখে।