অগ্নিসুরক্ষায় বিরাট গাফিলতি! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের কড়া নোটিস, খালি করার নির্দেশ
September 3, 20266:34 am

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ক্যামাক স্ট্রিটের কার্যালয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাঞ্চল্য। সোমবার ওই বহুতলে দমকল বিভাগের পক্ষ থেকে একটি সারপ্রাইজ ফায়ার অডিট চালানো হয়। তদন্তের পরপরই অগ্নিসুরক্ষায় চরম গাফিলতির অভিযোগ তুলে ভবনের ৭ ও ৮ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে কড়া নোটিস দিয়েছে কর্তৃপক্ষ।
দমকলের প্রাথমিক রিপোর্টে একগুচ্ছ গুরুতর ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে:
- মেয়াদউত্তীর্ণ সার্টিফিকেট: ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ গত ১০ আগস্ট শেষ হয়ে গেলেও, কোনো বৈধ অনুমোদন ছাড়াই এটি ব্যবহার করা হচ্ছিল।
- নকশা লঙ্ঘন: অনুমোদিত নকশা তোয়াক্কা না করে ড্রাইভওয়ের অংশে একটি বেআইনি কাঠামো তৈরি করা হয়েছে।
- অনুমোদনহীন এলপিজি সিলিন্ডার: ৭ তলার কিচেন ও ক্যাফেটেরিয়া এলাকায় বেশ কিছু অবৈধ এলপিজি (LPG) সিলিন্ডারের সন্ধান মিলেছে।
- বিপদজনক জরুরি পথ: বড় ভবন হলেও জরুরি পরিস্থিতিতে প্রাণ বাঁচিয়ে বের হওয়ার জন্য মাত্র একটি পথ রয়েছে, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ।
একদিকে আইনি সংক্রান্ত বিষয়ে টানা জেরা এবং অন্যদিকে দমকলের এই কঠোর প্রশাসনিক অবস্থান— জোড়া ফলায় ক্যামাক স্ট্রিটের কার্যালয় তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।