ব্যাঙ্কে থরে থরে সাজানো ১৭ কোটির জাল নোট! আসল-নকলের এই কারসাজিতে কার হাত?

উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কারেন্সি চেস্ট থেকে প্রায় ১৭ কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচরে বসেছে পুলিশ ও রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাংকের মতো সুরক্ষিত স্থানে এত বিপুল পরিমাণ জালনোট কীভাবে প্রবেশ করল, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আসল নোট সরিয়ে সুচারুভাবে সেখানে নকল নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে ব্যাংকেরই কোনো অসাধু চক্র বা প্রভাবশালী মহলের হাত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যাংক চত্বরে কঠোর নিয়ম ও যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নগদ অর্থ জমা হয়। ফলে ব্যাংক কর্মীদের সহযোগিতা ছাড়া এই জালিয়াতি সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনার গভীরে পৌঁছাতে ইতিমধ্যে ব্যাংকের সন্দেহভাজন তিন আধিকারিককে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। কোন শাখা থেকে এবং কোন প্রক্রিয়ায় এই জাল নোটগুলি কারেন্সি চেস্টে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ব্যাংক জমার নথি, রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে বিশ্লেষণ করছে পুলিশ। তদন্তের পরিধি সাহারানপুরের বাইরেও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।