ট্যাঙ্কে পচা মরা পাখি, সেই জলেই রান্না মিড ডে মিল! ক্যানিংয়ের স্কুলে তীব্র ক্ষোভ

ক্যানিং: স্কুলের জলের ট্যাঙ্কে পড়ে পচছে মরা পাখি, আর সেই বিষাক্ত জলেই দিনের পর দিন তৈরি হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিল! দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গলাডহরা কুসুমমনি এফপি স্কুলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। আতঙ্কে ইতিমধ্যেই স্কুলের মিড ডে মিল খাওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই স্কুলের পানীয় জলে দুর্গন্ধ পান পড়ুয়ারা। সন্দেহ হওয়ায় অভিভাবকরা ছাদের জলের ট্যাঙ্কে গিয়ে দেখেন, সেটি পুরোপুরি ঢাকনাহীন অবস্থায় রয়েছে এবং ভেতরে ভাসছে একটি পচা মরা পাখি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢাকনা ছাড়া অবস্থায় থাকা এই দূষিত জলই রান্নার পাশাপাশি শিশুদের পান করার জন্য ব্যবহার করা হচ্ছিল।
এই চরম গাফিলতির খবর ছড়িয়ে পড়তেই স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, দিনের পর দিন ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকা এবং ভেতরে পাখি পচে যাওয়ার ঘটনা কীভাবে কারও নজরে এল না? শিশুদের স্বাস্থ্যের এই ঝুঁকির দায় কে নেবে?
অভিভাবকদের আরও দাবি, প্রথমে বিষয়টি জানালেও স্কুল কর্তৃপক্ষ তাতে আমল দেয়নি। জানা গিয়েছে, মাত্র তিনজন শিক্ষক নিয়ে চলে এই স্কুলটি। প্রধান শিক্ষক গোবিন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতায় অনুপস্থিত থাকায় তাঁর স্ত্রী কাকুলি কবিরাজ মণ্ডল এবং অন্য এক প্যারা টিচারই স্কুল পরিচালনা করছেন। তবে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী।