এক বছরেই চালু বিমানবন্দর! দক্ষিণ দিনাজপুরের জন্য মেগা উপহারের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে প্রস্তাবিত বিমানবন্দরের জমি পরিদর্শন করে তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই এই বিমানবন্দর চালু হবে। প্রথম পর্যায়ে ১৯ আসন এবং পরবর্তীতে ৭২ আসন বিশিষ্ট বিমানবন্দর হিসেবে এটি পূর্ণাঙ্গ রূপ নেবে। বিমানবন্দর চালুর পাশাপাশি জেলার শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেন তিনি। বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্ঠমীর আগেই নতুন করে সাতটি বিষয় পড়ানোর অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি, ৩৪৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন মেডিক্যাল কলেজ নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
উন্নয়নমূলক এই প্রকল্পগুলির রূপায়ণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কালীপুজোর আগেই মেডিক্যাল কলেজ প্রকল্পের ভূমিপুজো সম্পন্ন হবে এবং এর জন্য শীঘ্রই একশো কোটি টাকা বরাদ্দ করা হবে। এছাড়া আগামী ১০ অক্টোবরের মধ্যে জেলার সমস্ত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়ার পাশাপাশি একটি নতুন ফায়ার স্টেশন এবং স্থানীয় নার্সিং স্কুলে নার্সিং কলেজ চালুর কথাও ঘোষণা করেন তিনি। বিগত দিনে এই জেলা অবহেলিত ছিল বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবিগুলি পূরণে এই জোড়া উপহারের ব্যবস্থা করেছে।