চালকহীন গাড়ির যুগে বড় ধাক্কা, একঝটকায় ৩৩০০ কর্মী ছাঁটাই করল উবের!

ব্যবসার পরিসর বৃদ্ধি করতে গিয়ে তৈরি হওয়া কাঠামোগত জটিলতা দূর করতে বড়সড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাইড শেয়ারিং জায়ান্ট উবের। সংস্থার প্রধান নির্বাহী দারা খোসরোশাহি ইমেইলের মাধ্যমে ৩৩০০ কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এই পদক্ষেপে সংস্থার ম্যানেজারদের মোট সংখ্যা কুড়ি শতাংশ হ্রাস পাবে এবং এক বা দুই সদস্যবিশিষ্ট ‘মাইক্রো টিম’-এর সংখ্যাও অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। এর জেরে উবেরের মোট কর্মী সংখ্যা নেমে আসবে ত্রিশ হাজারের সামান্য নিচে, যা একপ্রকার ২০২১ সালের সংখ্যার সমতুল্য।
ছাঁটাইয়ের মাধ্যমে সংগৃহীত ও সাশ্রয় হওয়া এই অর্থ রোবো ট্যাক্সি এবং চালকহীন গাড়ির মতো স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়নে কাজে লাগাবে উবের। আগামী বছরগুলিতে এই ভবিষ্যৎমুখী প্রযুক্তির অংশীদারিত্ব নিশ্চিত করতে দশ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমান সময়ে মাইক্রোসফট ও মেটার মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর পথ অনুসরণ করেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের যুগে নিজেদের আরও শক্তিশালী করতে এই কঠিন পদক্ষেপ গ্রহণ করল সংস্থাটি।