নির্বাচনী ডিউটিতে বড় উপহার! পুলিশকর্মীদের জন্য মাথাপিছু ১০,০০০ টাকা বোনাস ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনী ডিউটিতে বড় উপহার! পুলিশকর্মীদের জন্য মাথাপিছু ১০,০০০ টাকা বোনাস ঘোষণা রাজ্য সরকারের

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পুলিশকর্মীদের জন্য বড় আর্থিক বরাদ্দের ঘোষণা করল রাজ্য সরকার। ভোটের কঠিন ও ক্লান্তিকর দায়িত্ব সামলানোর জন্য পুলিশকর্মীদের মাথাপিছু ১০,০০০ টাকা করে বিশেষ সাম্মানিক বা অনারারিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নির্দেশিকা অনুযায়ী, এই বাবদ মোট ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা?

প্রশাসনের তথ্য অনুযায়ী, নিজের কর্মস্থলের বাইরে সেক্টর, নাকা, কিউআরটি (QRT), ফ্লাইং স্কোয়াড এবং এসএসটি (SST)-সহ বিভিন্ন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৩২ হাজার ১২৯ জন পুলিশকর্মী এই সুবিধার আওতায় থাকবেন। পাশাপাশি, পুলিশের বিভিন্ন নির্বাচন সেলে দায়িত্ব পালনকারী আরও ২ হাজার ৯৫৬ জন কর্মীও মাথাপিছু ১০ হাজার টাকা করে অনারারিয়াম পাবেন।

সাধারণ কনস্টেবল থেকে শুরু করে রাজ্যের ডিজি, আইজি, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার উচ্চপদস্থ কর্তারাও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন। এর বাইরেও ৩০০ জন ডিএসপি বা এসডিপিও এবং ৪১৬ জন ইনস্পেক্টরের জন্যও এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি, অন্য জেলা বা মহকুমায় দীর্ঘমেয়াদী নির্বাচনী ডিউটির ক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী অতিরিক্ত সাপ্তাহিক সাম্মানিকের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। ভোটের মরশুমে সরকারের এই মেগা আর্থিক ঘোষণা পুলিশ মহলে যথেষ্ট উৎসাহের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *