আর ‘রাম’ বলা যাবে না ওল্ড মঙ্ককে? বম্বে হাই কোর্টে আলোড়ন সৃষ্টিকারী তথ্য দিল FSSAI!

জনপ্রিয় ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’-কে আর ‘রাম’ হিসেবে বিক্রি করা যাবে না বলে বম্বে হাই কোর্টে জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। কেন্দ্রীয় সংস্থাটির মতে, কেবল পণ্যটির লেবেলিং নয়, মূল আপত্তি এর গঠনশৈলী নিয়ে। অভিযোগ উঠেছে, আসল প্রক্রিয়ায় তৈরির পরিবর্তে কৃত্রিম ফ্লেভার ও নিউট্রাল স্পিরিট ব্যবহার করে এই পানীয়ের স্বাদ ও গন্ধ তৈরি করা হচ্ছে। তাই এটিকে রাম না বলে লেবেলে ‘রাম ফ্লেভারের স্পিরিট’ হিসেবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, ‘৭ বছরের পুরনো ব্লেন্ডেড’ দাবিটিকেও বিভ্রান্তিকর বলা হয়েছে; কারণ এতে পরিপক্ব রামের পরিমাণ ৫ শতাংশেরও কম এবং প্রধান উপাদান অপরিপক্ব স্পিরিট।
ইতিমধ্যেই ওল্ড মঙ্কের প্রস্তুতকারী সংস্থা ‘মোহন মিকিন’ আদালতের কাছে একটি সংশোধিত লেবেল জমা দিয়েছে। FSSAI জানিয়েছে, সেই নতুন লেবেল খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেবল ওল্ড মঙ্কই নয়, বাজারচলতি আরও বেশ কয়েকটি পানীয় ব্র্যান্ডের বিরুদ্ধে কৃত্রিম ফ্লেভার মিশিয়ে আসল স্বাদ ও গন্ধ তৈরির একই ধরনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, মিশ্রণে থাকা সবচেয়ে কম বয়সি স্পিরিটের ওপর ভিত্তি করেই পণ্যের ‘এজ স্টেটমেন্ট’ নির্ধারণ করা উচিত। ফলে এই বিতর্কিত পানীয়গুলির ভবিষ্যৎ এখন নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।