“তৃণমূলের বাধা অতীত, সনাতন চর্চায় ছাড়!” বাগেশ্বর বাবার হাতে গদা তুলে দিয়ে ব্রিগেডের আমন্ত্রণ শুভেন্দুর

“তৃণমূলের বাধা অতীত, সনাতন চর্চায় ছাড়!” বাগেশ্বর বাবার হাতে গদা তুলে দিয়ে ব্রিগেডের আমন্ত্রণ শুভেন্দুর

লিলুয়া: রাজ্য জুড়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া অবস্থানের বার্তা দেওয়ার পাশাপাশি বাগেশ্বর ধাম প্রধান বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে ধর্মসভা করার বিশেষ আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিলুয়ার ওয়ার্কশপ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, বাংলায় সনাতন ধর্মের চর্চায় আর কোনো বাধা থাকবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “অতীতে তৃণমূল সরকারের আমলে ব্রিগেডে সভা করতে চেয়েও বাগেশ্বর বাবা বাধার মুখে পড়েছিলেন। তবে বর্তমানে বাংলায় রাষ্ট্রবাদী সরকার চলায় সেই সমস্যা আর নেই।” বাগেশ্বর বাবা রাজ্যজুড়ে কোনো সেবামূলক বা সামাজিক উদ্যোগ নিলে সরকার তাঁকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

মঞ্চে মুখ্যমন্ত্রী বাগেশ্বর বাবাকে ফুল, মিষ্টি ও প্রতীকী গদা উপহার দেন এবং যৌথভাবে হনুমান চালিশা পাঠ করেন। এদিনের সভা থেকে রাজ্য সরকারের অনুপ্রবেশ-বিরোধী কঠোর পদক্ষেপ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বেআইনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হয়েছে।

লিলুয়ার এই বৃহৎ ধর্মসভায় বিপুল ভক্তসমাবেশের মাঝে হনুমান কথা পাঠ করেন বাগেশ্বর বাবা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই এবং বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং-সহ অন্যান্য প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *