ভাইকে নিয়ে কটূক্তি করায় ননদকে কুপিয়ে খুন! ট্যাঙ্কের মধ্যে দেহ লুকানোর পরও যেভাবে ধরা পড়ল গৃহবধূ

সামান্য কথা কাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভাইকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে ননদ বন্দনাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ২১ বছর বয়সি এক গৃহবধূর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ইন্দোরের রাউ এলাকায় ঘটা এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত পার্বতী বাই কুশওয়াহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি। গত ১১ আগস্ট পরিবারের অমতে উপেন্দ্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন বন্দনা। এরপর রাখিবন্ধনের দিন তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এবং চন্দর নগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পার্বতীর গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে। জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার দিন বন্দনা পার্বতীর বাড়িতে গেলে তাঁর ভাইকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যা নিয়ে তীব্র বচসা শুরু হয় এবং রাগের বশে পার্বতী তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। অপরাধ ঢাকতে মৃতদেহটি একটি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। পুলিশ বন্দনার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।