ঋণের ফাঁদে চরম বর্বরতা! পাওনা মেটাতে না পারায় তরুণীর পোশাক খুলে তোলা হলো ভিডিও, তোলপাড়

ধার করা টাকা এবং চড়া সুদ শোধ করতে না পারায় এক তরুণীকে ডেকে এনে চরম নির্মম নির্যাতনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, রেশমা ও নাজরত নামের দুই নারীর কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন নির্যাতিতা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চড়া সুদ ও আসল টাকা দিতে পারছিলেন না তিনি। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ওই তরুণীকে ফাঁদে ফেলে একটি ঘরে ডেকে পাঠানো হয়। এরপর সুহেল ও সইফ নামের দুই যুবকসহ রেশমা ও নাজরত তাঁকে জোরপূর্বক অটোয় তুলে বেঙ্গালুরুর অদূরে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, সেখানে ওই তরুণীকে শারীরিক নির্যাতন চালিয়ে পোশাক খুলতে বাধ্য করা হয় এবং সেই মর্মান্তিক ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে রাখা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে আটকে রাখা হয়। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ তরুণীকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত দুই নারীসহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুরো চক্রটি খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।