দুর্গাপুজোয় শহর জুড়ে বেনজির পদক্ষেপ লালবাজারের, ভিড় সামলাতে কী বিশেষ প্ল্যান পুলিশ কমিশনারের?

দুর্গাপুজোয় শহর জুড়ে বেনজির পদক্ষেপ লালবাজারের, ভিড় সামলাতে কী বিশেষ প্ল্যান পুলিশ কমিশনারের?

আসন্ন দুর্গাপুজোয় মণ্ডপে অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনা এড়াতে সমস্ত থানার অসিদের নিয়ে কড়া পদক্ষেপ নিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সম্প্রতি লালবাজারের আধিকারিকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, এখন থেকেই পুজোর থিম বুঝে থানাগুলিকে ভিড় সামলানোর আগাম কৌশল বা ‘ক্রাউড ফ্লো’ স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। মণ্ডপ তৈরির সময় থেকেই খেয়াল রাখতে হবে যেন প্রবেশ ও প্রস্থানের পথ সম্পূর্ণ আলাদা থাকে এবং দর্শনার্থীরা ঠাকুর দেখে দ্রুত বেরিয়ে যেতে পারেন। ভেতরে দীর্ঘক্ষণ সেলফি তোলা বা ছবি তোলার কারণে যাতে জটলা না তৈরি হয়, সে বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পুজোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক ও রক্ষীদেরও প্রশিক্ষণ দেবে পুলিশ।

শুধু মণ্ডপের অন্দরেই নয়, শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতেও একগুচ্ছ কঠোর বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। মণ্ডপ সংলগ্ন রাস্তায় গাড়ি ধীর গতিতে চালানো বা গাড়ি থামিয়ে ঠাকুর দেখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে মেট্রো স্টেশনগুলি থেকে বের হওয়া দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বড় রাস্তাগুলিতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গার্ড ও থানাগুলিকে যৌথভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য কেএমডিএ ও পুরসভাকে চিঠি দিচ্ছে লালবাজার। সব মিলিয়ে পুজোয় শহরবাসীকে স্বস্তি দিতে প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *