ঘোর অন্ধকারে ডুববে দেশ? উৎসবের মুখেই বিদ্যুৎ কেন্দ্রে মাত্র ৯ দিনের কয়লা মজুত!

চার বছর পর ফের বেনজির বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে দেশ। আগস্টের তীব্র গরম ও আসন্ন উৎসবের মরশুমে চাহিদা বৃদ্ধি এবং বর্ষায় উত্তোলন ও সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে তীব্র কয়লা ঘাটতি দেখা দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ সেপ্টেম্বরের হিসাবে দেশের ৫০টি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্ধারিত সীমার মাত্র ৪৮ শতাংশ বা ২৮.২ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে, যা দিয়ে বড়জোর ৯ দিন কাজ চালানো সম্ভব। দেশের মোট বিদ্যুতের ৭০ শতাংশই আসে কয়লা থেকে, ফলে দ্রুত সরবরাহ বৃদ্ধি না করা হলে ২০২২ সালের মতো বড় বিপর্যয় ঘটার আশঙ্কায় বিশেষজ্ঞ মহল।
তবে এখনই বড় কোনো সংকটের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে কেন্দ্র। কয়লা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের দাবি, আন্তঃমন্ত্রক বিশেষজ্ঞ দল সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় তদারকি চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কয়লা আমদানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও সরকারের বিবেচনাধীন রয়েছে।