জন্মদিনে বক্স অফিসে ঝড় কালীন ভাইয়ার! প্রথম দিনেই কত কোটি টাকার ব্যবসা করল ‘মির্জাপুর: দ্য মুভি’?

ওটিটির জনপ্রিয় গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় দাপট দেখাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করে ২০২৬ সালের সেরা চার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে বহু প্রতীক্ষিত এই ছবি। গ্যাংস্টার আর সিংহাসনের রক্তক্ষয়ী লড়াই দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নেমেছে। সিনেমা বাণিজ্য বিশ্লেষক স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে দেশজুড়ে প্রায় ২৯.৭০ কোটি টাকার ব্যবসা করে একপ্রকার ঝড় তুলে দিয়েছে কালীন ভাইয়া ও গুড্ডু পন্ডিতদের এই সিনেমা। এই অসাধারণ সূচনাটি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ৫ সেপ্টেম্বরের জন্মদিনে অনুরাগীদের পক্ষ থেকে পাওয়া এক দারুণ উপহার বলে মনে করা হচ্ছে।
লক্ষ্মীলাভের দিক থেকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির হিট ছবি ‘আওয়ারাপন ২’-কেও অনায়াসে টেক্কা দিয়েছে পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজলের এই বড় পর্দার লড়াই। তবে এই তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’, যশের ‘টক্সিক’ এবং সানি দেওলের ‘বর্ডার ২’। সংবাদ সূত্রে জানা গেছে, সিনেমাটিতে কালীন ভাইয়ার আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠী একাই ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা সহ-অভিনেতা আলি ফজলকেও ছাপিয়ে গেছে। শক্তিশালী অভিনয় আর টানটান উত্তেজনার ওপর ভর করে প্রেক্ষাগৃহে সিনেমাটি আগামী দিনে আরও নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।