ওটিপি না দিয়েও গায়েব ৬ লাখ! দুর্গাপুরে সাইবার জালিয়াতিতে সন্দেহের তিরে ব্যাঙ্ক

ওটিপি না দিয়েও গায়েব ৬ লাখ! দুর্গাপুরে সাইবার জালিয়াতিতে সন্দেহের তিরে ব্যাঙ্ক

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে প্রায় ৬ লক্ষ টাকা খোয়ালেন দুর্গাপুরের এক ব্যবসায়ী। প্রতারণার শিকার হওয়া নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা প্রবুদ্ধ ঘোষ এই ঘটনায় ব্যাঙ্কের কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী প্রবুদ্ধ ঘোষ জানান, সম্প্রতি রান্নার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তাঁর কাছে একাধিক ভুয়ো ফোন আসে। প্রতারকরা তাঁর কাছে ওটিপি (OTP) চাইলেও তিনি তা দেননি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সোমবার তিনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন। ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁকে নিবন্ধিত মোবাইল নম্বর পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা করেননি। প্রবুদ্ধবাবুর অভিযোগ, ব্যাঙ্ক থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এই জালিয়াতিতে ব্যাঙ্কের কর্মচারীরা যুক্ত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে ব্যাঙ্কের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ সাধুডাঙা এলাকার একটি হোটেল থেকে চার সাইবার প্রতারককে গ্রেফতার করেছে। ধৃত সুরেন্দ্র দাস, জিতেন্দ্র কুমার দাস, শচিন দাস ও গণেশ সর্দার—সকলেই ঝাড়খণ্ডের মধুপুরের বাসিন্দা। হোটেল ঘর ভাড়া নিয়ে দেশের নানা প্রান্তে ফোন করে ওটিপি ও কার্ডের তথ্য হাতিয়ে নিত তারা। ঘর থেকে বেশ কিছু সিম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করার পাশাপাশি কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *