আজও ভিজবে রাজ্য! বিকেলে কলকাতায় দুর্যোগের সঙ্গে উপকূলের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার দফায় দফায় বৃষ্টির পর বুধবারও রাজ্যজুড়ে জলছবির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া: বুধবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে হালকা-মাঝারি বৃষ্টির জেরেই শহরের একাধিক নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী তিন জেলা—দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গেও বৃষ্টির এই পর্যায় অব্যাহত থাকবে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।