ব্রিটেনের আকাশপথে চরম বিপর্যয়! এটিসি বিভ্রাটে বাতিল ১ হাজারের বেশি উড়ান

ব্রিটেনের আকাশপথে চরম বিপর্যয়! এটিসি বিভ্রাটে বাতিল ১ হাজারের বেশি উড়ান

ব্রিটেনের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় (ATC) বড়সড় প্রযুক্তিগত ত্রুটির কারণে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, এই বিভ্রাটের জেরে ইতিমধ্যে ১,০০০-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। হিথরো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও বার্মিংহামসহ ব্রিটেনের অন্তত ১৫টি বিমানবন্দর এবং আন্তর্জাতিক একাধিক রুটে এর সরাসরি প্রভাব পড়েছে।

জরুরি ভিত্তিতে ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসেস সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি মেরামত করলেও উড়ানের দীর্ঘ জট লেগে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিমানগুলোকে রানওয়েতেই দাঁড়িয়ে থাকতে হয়। ব্রিটিশ এয়ারওয়েজের ১০০টিরও বেশি উড়ান বাতিল বা রুট পরিবর্তন করতে হয়েছে। রায়ানএয়ার জানিয়েছে, তাদের ৫০টির বেশি উড়ান বাতিল হওয়ায় প্রায় ৬৫ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। ইজিজেট-সহ অন্যান্য বিমান সংস্থার পরিষেবাও বিপর্যস্ত। বহু বিমানবন্দরে নামার পর লাগেজ না মেলায় তৈরি হয়েছে বাড়তি বিশৃঙ্খলা।

লন্ডনের হিথরো বিমানবন্দরে রাতের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও যাত্রীদের দীর্ঘ বিলম্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থাগুলির বিরুদ্ধে সঠিক তথ্য না দেওয়ার ক্ষোভ প্রকাশ করছেন আটকে থাকা যাত্রীরা। অন্যদিকে, ভারত থেকে লন্ডনগামী বা হিথরো থেকে ভারতগামী বিমানগুলির সময়সূচিতে কোনো বদল এসেছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত বিমান সংস্থাগুলির তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *