৫ কোটি দিলেই ছাড়? জেলযাত্রা এড়াতে রাজপাল যাদবকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

৫ কোটি দিলেই ছাড়? জেলযাত্রা এড়াতে রাজপাল যাদবকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

চেক বাউন্স মামলায় কারাদণ্ড ও আত্মসমর্পণ আপাতত স্থগিত রাখতে অভিনেতা রাজপাল যাদবকে কড়া শর্ত দিল সুপ্রিম কোর্ট। জেলে যাওয়া এড়াতে বুধবারের মধ্যে আদালতে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত শর্তসাপেক্ষে নোটিস জারি করে। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

কীভাবে এই আইনি জটিলতার সূত্রপাত? ২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘অতা পতা লাপতা’-র জন্য ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সুদে-আসলে দেনার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়। পরবর্তীতে ঋণ পরিশোধে দেওয়া একাধিক চেক বাউন্স করায় রাজপাল, তাঁর স্ত্রী রাধা যাদব ও তাঁদের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আইনি লড়াই ও জেলযাত্রা: ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড দেয়, যা পরবর্তী সময়ে সেশনস আদালতেও বহাল থাকে। চলতি বছরের জুনে দিল্লি হাই কোর্ট বকেয়া মেটানোর শর্তে সাজা সাময়িক স্থগিত করলেও নির্ধারিত অর্থ পুরোপুরি মেটাতে পারেননি অভিনেতা।

পরিস্থিতি জটিল হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মসমর্পণ করে তিহাড় জেলে যান রাজপাল। পরে অভিযোগকারী পক্ষের সম্মতিতে ১.৫ কোটি টাকা জমা দিয়ে ১৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তী জামিন পান তিনি। তবে বাকি বকেয়া মেটাতে অতিরিক্ত সময় পাওয়ার আবেদন দিল্লি হাই কোর্ট খারিজ করে দিলে, তিনি আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আপাতত বুধবারের মধ্যে ৫ কোটি টাকা জমা দেওয়াই রাজপালের কাছে জেলযাত্রা এড়ানোর একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *