পুজোর মুখে বদলাচ্ছে আবহাওয়া: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস!

উৎসবের মরশুমের মুখেই বঙ্গোপসাগরে নতুন করে সক্রিয় হয়ে উঠছে আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে আজই তৈরি হতে পারে একটি নতুন নিম্নচাপ। পাশাপাশি, জম্মু থেকে শুরু করে পুরুলিয়া ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে।
এই জোড়া ফলায় আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ৫টি জেলায়— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কলকাতাবাসীর জন্য অবশ্য আপাতত বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। শহরে সকালের দিকে রোদ ও পরিষ্কার আকাশ থাকলেও দিনভর মেঘ-রোদের খেলা চলবে এবং এক-দুই পশলা হালকা বৃষ্টি হতে পারে।
অর্থাৎ, কেনাকাটা ও পুজোর প্রস্তুতির মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির এই দাপট অব্যাহত থাকছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হলে আগামী দিনে আবহাওয়া আরও বদলাতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।