বিদেশে পড়ার টোপ, ৩ লাখের মুক্তিপণ! নিউ মার্কেটের হোটেল থেকে উদ্ধার হাওড়ার ছাত্রী

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বিদেশে উচ্চশিক্ষা ও আকর্ষণীয় চাকরির প্রলোভনে পা দিয়ে চরম বিপদে হাওড়ার একাদশ শ্রেণির ছাত্রী। অপহৃতা ছাত্রীকে উদ্ধারে ৩ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। তবে পুলিশের তৎপরতায় বুধবার রাতে কলকাতার নিউ মার্কেট থানার এলাকার একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই নাবালিকাকে।
ইনস্টাগ্রামে আলাপ ও চক্রান্ত পুলিশ সূত্রের খবর, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটির ওই ছাত্রী। বিদেশে পড়া ও চাকরির লোভে গত ৭ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি এবং স্থানীয় বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে বাড়ি থেকে বের হয় সে। বাসে করে সরাসরি পৌঁছায় ধর্মতলায়। দুষ্কৃতীদের বুক করে রাখা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে তাকে আটকে রাখা হয়।
৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মেয়ে নিখোঁজ হতেই ৭ সেপ্টেম্বর জগৎবল্লভপুর থানায় ডায়রি করে পরিবার। এর পরেই পরিবারের কাছে অচেনা নম্বর থেকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা, টাকা না দিলে নাবালিকাকে খুনের হুমকিও দেওয়া হয়।
অভিযানে পুলিশের সাফল্য ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত মাঠে নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ, সাইবার সেল এবং রাজ্য পুলিশের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। ফোন ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে মেয়েটি নিউ মার্কেটের একটি হোটেলে আটক রয়েছে। বুধবার রাতে সেখানে হানা দিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে তদন্তকারী দল।
আন্তঃরাজ্য গ্যাংয়ের হাত হাওড়া (গ্রামীণ)-র পুলিশ সুপার অমিত বর্মা জানান, নাবালিকাকে উদ্ধার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হয়েছে। প্রাথমিক অনুমান, বিহার, পশ্চিম উত্তরপ্রদেশ বা হরিয়ানাকেন্দ্রীক কোনো আন্তঃরাজ্য সাইবার অপরাধী চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, খুনের হুমকি ও মুক্তিপণ দাবির ধারায় মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে পুলিশ।