‘অধীর লড়ুন রেজিনগরে, মমতা নন্দীগ্রামে!’ প্রাক্তন তৃণমূল বিধায়কের উক্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি

‘অধীর লড়ুন রেজিনগরে, মমতা নন্দীগ্রামে!’ প্রাক্তন তৃণমূল বিধায়কের উক্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি

আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন জল্পনা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে রেজিনগরে প্রার্থী হওয়ার প্রকাশ্য আহ্বান জানালেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এর পাশাপাশি তিনি নিজে আগামী ১৪ বা ১৫ সেপ্টেম্বর কলকাতায় কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দল নির্দেশ দিলে তিনি নিজেও এই আসনে কংগ্রেস প্রার্থী হতে প্রস্তুত।

কী দাবি মনিরুল ইসলামের? ২০২১-এ তৃণমূলের টিকিটে জয়ী হলেও ২০২৬ সালের নির্বাচনে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় মনিরুলের। বৃহস্পতিবার তিনি বলেন, “আমি চাই অধীর চৌধুরী রেজিনগর উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে লড়ুন এবং মমতা ব্যানার্জি নন্দীগ্রামে লড়াই করে বিধানসভায় আসুন। তাঁদের মতো নেতারা বিধানসভায় থাকলে বিরোধীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।” তিনি আরও জানান, কলকাতায় শীর্ষ নেতৃত্বের হাত ধরে কংগ্রেসে যোগ দেওয়ার পর দল দায়িত্ব দিলে তিনি রেজিনগরে লড়তে রাজি।

উড়িয়ে দিল জেলা কংগ্রেস নেতৃত্ব মনিরুলের এই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মনিরুল ইসলাম এখনও কংগ্রেসের সাধারণ কর্মীও নন। উনি আগে দলে যোগ দিন, তারপর কথা হবে। তৃণমূলে থাকার সময় বেশি কথা বলে গুরুত্ব হারিয়েছিলেন, এখনও সেটাই করছেন।”

কংগ্রেস সূত্রের খবর, রেজিনগর উপনির্বাচনের জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মহম্মদ আব্দুললাহিল কাফির নাম দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। কাফি ইতিমধ্যে ইআরও অফিস থেকে প্রয়োজনীয় ফর্মও সংগ্রহ করেছেন। রানি নগরের কংগ্রেস বিধায়ক জুলফিকার আলিও স্পষ্ট করেছেন, অধীর চৌধুরী এই উপনির্বাচনে লড়বেন না।

অন্যান্য দলগুলির কে কোথায় দাঁড়িয়ে?

  • আমজনতা উন্নয়ন পার্টি: হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবি আজাদকে প্রার্থী করেছে তারা। তিনি ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
  • বিজেপি: প্রার্থীর দৌড়ে রয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন ও প্রাক্তন সভাপতি শাঁখারভ সরকার। পাশাপাশি রুপোলি পর্দার এক স্থানীয় অভিনেতার নামও চর্চায় রয়েছে।
  • বামফ্রন্ট (RSP): জোট সূত্রে আসনটি আরএসপি-র। জেলার একজন স্কুল শিক্ষিকাকে তাঁরা প্রার্থী করতে পারেন বলে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *