‘আম্বানি-আদানীও ভয় পাবে এত টাকা দেখে!’ আপ্তসহায়ক গ্রেফতার হতেই অভিষেককে বিদ্ধ করলেন মদন মিত্র

নিউজ ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের আইনি সুরক্ষাকবচ উঠতেই সিআইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার কালীঘাট থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। আর এই গ্রেফতারির পরেই দলীয় শীর্ষ নেতৃত্ব তথা অভিষেকের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক আক্রমণ শানালেন প্রবীণ বিধায়ক মদন মিত্র।
গ্রেফতারির টাইমিং ও ‘ক্রোনোলজি’ নিয়ে প্রশ্ন চোখের চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়েই তাঁর আপ্তসহায়কের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে মদন মিত্র বলেন, “অভিষেক চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন, তা ভালো কথা। কিন্তু সুমিতের এই গ্রেফতারির ক্রোনোলজিটা সব বলে দিচ্ছে! অভিষেক বিদেশ চলে গেলেন আর সুমিতকে এখানে ফেলে রেখে গেলেন। প্রশ্ন উঠছে, অভিষেকের এই বিদেশযাত্রা কি তবে সময়ের অপেক্ষা ছিল?”
নিউ জার্সির রাজপ্রাসাদ ও আম্বানি-আদানী প্রসঙ্গ অভিষেকের জীবনযাপন ও আয়ের উৎস নিয়ে সরব হয়ে মদন মিত্র দাবি করেন, নিউ জার্সির অত্যন্ত ব্যয়বহুল এলাকা লং আইল্যান্ডে বিলাসবহুল ভিলা নিয়ে থাকছেন অভিষেক। যেখানে বিশ্বের প্রথম সারির ধনকুবেররা থাকেন। বাংলায় সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে, তখন সেখানে চার্টার্ড বিমান ও রাজকীয় লাইফস্টাইল চলছে বলে তোপ দাগেন তিনি।
কালীঘাট তৃণমূলের বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ এই বিধায়ক যোগ করেন, “আজ কালীঘাট তৃণমূল যে পর্যায়ে পৌঁছেছে, দেশের বড় বড় শিল্পপতি আম্বানি বা আদানিও প্রশ্ন তুলতে ভয় পাবেন যে এদের কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে! রাজ্য প্রশাসনের উচিত নিউ জার্সির ওই ভিলার খরচ ও আয়ের উৎস নিয়ে দ্রুত তদন্ত চালানো।”
কীভাবে গ্রেফতার হলেন সুমিত রায়? সিআইডি সূত্রে খবর, সুমিত রায়কে এর আগে ভবানী ভবনে ১১ বার তলব করা হলেও তিনি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছিলেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় তিনি ফের আত্মগোপন করতে পারেন বলে আশঙ্কা ছিল। বৃহস্পতিবার সকালে কালীঘাট রোডে অভিষেকের বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই, আগে থেকে নজরদারিতে থাকা বেঙ্গল এসটিএফ ও সিআইডি টিম যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।