অফিস থেকে নিখোঁজ তৃণমূল নেতা, নামখানায় ক্ষতবিক্ষত দেহ ঘিরে তীব্র রহস্য! গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

অফিস থেকে নিখোঁজ তৃণমূল নেতা, নামখানায় ক্ষতবিক্ষত দেহ ঘিরে তীব্র রহস্য! গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

দক্ষিণ ২৪ পরগনা: সরকারি অফিসে কর্মরত অবস্থাতেই তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল ফলতায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজন বিজেপির বুথ সভাপতি বলে জানা গিয়েছে। অন্যদিকে, নামখানা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

অফিসে আগুনের পরেই রহস্যজনক অন্তর্ধান! পুলিশ সূত্রে খবর, অপহৃত তৃণমূল নেতার নাম বুদ্ধদেব মণ্ডল (৪২)। তিনি ফলতা বিধানসভা কেন্দ্রের ভাদুড়া হরিদাস অঞ্চলের তৃণমূল সভাপতি এবং স্থানীয় সেচ দপ্তরের কর্মী। গত ৮ সেপ্টেম্বর সেচ দপ্তরের ফলতা বলরামপুর অফিসে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন আচমকাই আগুন ধরে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কয়েকজন পরিচিত ব্যক্তি বুদ্ধদেববাবুর সঙ্গে কথা বলতে আসেন। অভিযোগ, কথা বলতে বলতেই তাঁকে গেটের বাইরে এনে বাইকে তুলে চম্পট দেয় তারা। সহকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

গ্রেপ্তার ৪, দলীয় পদক্ষেপ বিজেপির ঘটনার পর পরিবারের তরফে ফলতা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অমিত সর্দার, বিজয় দাস, অশোক কর্মকার ও সঞ্জিত শাসমল নামে চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অমিত, বিজয় ও সঞ্জিত বিজেপির বুথ সভাপতি বলে খবর। দলীয় সূত্রের দাবি, ঘটনার জেরে চারজনকেই ইতিমধ্যেই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।

নামখানায় ক্ষতবিক্ষত দেহ, আতঙ্কে পরিবার ঘটনার মোড় ঘোরে যখন নামখানার পাতিবুনিয়া এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। দেহটি কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া দেহটি অপহৃত বুদ্ধদেব মণ্ডলের কি না, তা নিশ্চিত করতে তাঁর পরিবারের সদস্যদের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বুদ্ধদেববাবুর স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল জানান, গত কয়েকদিন ধরে তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছিল। তবে এতে রাজনৈতিক রঙ না দিয়ে, স্বামীকে দ্রুত সহিসালামত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন তিনি। সেচ দপ্তরের অগ্নিকাণ্ড, অপহরণ নাকি অন্য কোনো পুরনো শত্রুতা—পুরো ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *