‘শারদোৎসব’ নয়, লিখতে হবে ‘দুর্গাপুজো’! বাম স্টল নিয়ে শুভেন্দুর বড় হুঁশিয়ারি বিধানসভায়

কলকাতা: দুর্গাপুজোর মণ্ডপে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ ব্যবহার করা নিয়ে বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুজো মণ্ডপ চত্বরের কোনো স্টলে ‘দুর্গাপুজো’ শব্দটির পরিবর্তে ‘শারদোৎসব’ লেখা থাকলে, সেই স্টলকে কোনোভাবেই বসতে দেওয়া হবে না।
শুভেন্দুর অভিযোগ, কমিউনিস্টরা সনাতন ধর্মকে কেবল একটি সীমিত ‘সাংস্কৃতিক’ বিষয় হিসেবে দেখে। তাই তারা সুকৌশলে ‘দুর্গাপুজো’ শব্দটি এড়িয়ে ‘শারদোৎসব’ ব্যবহার করে। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন, দুর্গাপুজো স্পষ্ট করে না লিখলে মণ্ডপ চত্বরে একটিও স্টল করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, দুর্গাপুজোর মণ্ডপে বামপন্থী দলগুলির লিটল ম্যাগাজিন বা সাহিত্যের স্টল দেওয়ার ইতিহাস দীর্ঘদিনের। তাদের দাবি, উৎসবের সার্বজনীন রূপ তুলে ধরতেই মূলত ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহৃত হয়।
শুভেন্দুর এই বক্তব্যের পর পাল্টা তোপ দেগেছে সিপিএম। দলীয় নেতা ময়ূখ বিশ্বাস কটাক্ষ করে বলেন, “যাদের বাংলা ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে জ্ঞান নেই, তাদের মুখেই এমন মন্তব্য মানায়।” শুভেন্দুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শারদোৎসব’ নাটকটি পড়ে দেখার পরামর্শও দেন তিনি। পুজো সামনেই, আর তার আগেই নাম-বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ।