দিনহাটায় ঘরে মিলল বৃদ্ধ দম্পতির রক্তভেজা দেহ, কাটছে না রহস্য!

কোচবিহারের দিনহাটায় নিজ বাসভবন থেকেই উদ্ধার করা হলো এক বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মৃতদেহ। নিহতদের নাম সুকুমার বর্মন ও চম্পা রায়। শুক্রবার সকালে জোড়া দেহ উদ্ধারের পর দম্পতির মেয়ের খুনের অভিযোগে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে দিনহাটার ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে খবর, সকালে মাকে বারবার ফোনে না পেয়ে মেজো মেয়ে টুম্পা রায় তাঁর কিশোর ছেলেকে দাদু-দিদিমার খোঁজ নিতে পাঠান। নাতি গিয়ে দেখে বাড়ির মূল ফটক ও ঘরের দরজা খোলা এবং ভেতরে ঘরের মেঝের ওপর রক্তে ভেসে যাচ্ছে দাদু-দিদিমার দেহ। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দিনহাটা থানার আইসি বুদ্ধাদিত্য রায় ও এসডিপিও প্রশান্ত দেবনাথের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
টুম্পা রায়ের দাবি, তাঁর বাবা ও ভাই দুজনেই চরম নেশাসক্ত ছিলেন এবং তা নিয়ে সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন দম্পতির ছেলে মহাদেব বর্মন। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন বা ঘটনার সময় কোথায় ছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো পুরোনো শত্রুতা রয়েছে—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। পলাতক ছেলের খোঁজ চালানোর পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা।