বিদায়বেলায় আরও জোরাল বর্ষা! বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তোলপাড় হবে দুই বঙ্গ

বিদায়বেলায় আরও জোরাল বর্ষা! বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তোলপাড় হবে দুই বঙ্গ

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বিদায়বেলায় ফের জাঁকিয়ে বসছে বর্ষা। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থানরত এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিম্নচাপের টানে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও এখনই আকাশ পরিষ্কার হচ্ছে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ জুড়ে বর্ষার দাপট জারি থাকবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *